স্টাফ রিপোর্টার, নীলফামারী:
দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাদার্স স্পোর্টিং ক্লাব। শনিবার (২১ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী শামীম। উদ্বোধক হিসেবে ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রুনা পারভীন, বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আবু তাহের এবং একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির তুষার।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মঞ্জু, সমাজসেবক মোঃ ঈসা আলী, মোঃ জাহাঙ্গীর আলম, নীলফামারী থানার এসআই মোঃ সাবের সাফায়েত ও সমাজসেবক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোকলেছুর রহমান কাজল।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।