• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

দাসপাড়ায় পুকুর থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

Reporter Name / ২৭৬ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে পুরাতন মসজিদের পেছনের একটি পুকুর থেকে শিষ মিয়া আকন্দ (৪২) নামে এক নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিষ মিয়া আকন্দ লেংগু গ্রামের মৃত আব্দুল হাসিম আকন্দের ছেলে এবং পেশায় কৃষক। পরিবার সূত্রে জানা গেছে, তিনি চলতি মাসের ১৪ তারিখ থেকে নিখোঁজ ছিলেন।
রোববার (২৮ তারিখ) সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় বাসিন্দা মুক্তা আক্তার উঠান ঝাড়ু দিতে গিয়ে দুর্গন্ধ পান। পরে পুকুর পাড়ের দিকে তাকিয়ে একটি মরদেহ ভাসতে দেখে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মামুনকে অবহিত করেন। পরবর্তীতে ইউপি সদস্য মামুন ধর্মপাশা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে ক্ষতচিহ্ন দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এলাকাবাসী ও পরিবারের সদস্যদের তথ্যমতে জানা যায়, প্রায় ১৪ দিন আগে দাসপাড়া গ্রামের কফিলউদ্দিনের বাড়িতে জুয়া খেলার একটি আসরে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে কফিলউদ্দিনকে গ্রেফতার করা হলেও সেখানে উপস্থিত শিষ মিয়া আকন্দ পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের বড় ভাই জানান, শিষ মিয়া আকন্দ মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে তারা ধারণা করেন। পুলিশের ভয়ে তিনি আত্মগোপনে রয়েছেন ভেবে তখন থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
এদিকে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে শিষ মিয়া আকন্দের মৃত্যু হয়েছে—তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd