জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর সপ্তম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শুক্রবার রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই পর্ব শেষে রংপুর বিভাগের সেরা বাংলাবিদ চূড়ান্ত পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছেন।
নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে সপ্তমবারের মতো ইস্পাহানি টি লিমিটেড এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল আই-এর তাহের শিপন।
পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন রংপুরের ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান। এছাড়াও ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় সেরা তিনজনকে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে নির্বাচন করা হয়। পরে বিচারকরা প্রতিযোগীদের উচ্চারণ, বান ও ব্যাকরণের সঠিক প্রয়োগ যাচাইয়ের মাধ্যমে বিভাগীয় সেরা ১ জনকে নির্বাচন করেন, যিনি ঢাকায় মূলপর্বে যাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।
উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী প্রত্যেকেই পাবে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।