জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসছেন—এমন ‘জুজুর ভয়’ দেখিয়ে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসার বিষয়টি মোকাবিলা করার দায়িত্ব সরকারের। একই সঙ্গে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকরে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কার্যালয়ে ‘রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপির নেতারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে তাদের মিছিল করার সুযোগ করে দিচ্ছেন। এ ধরনের দ্বিমুখী আচরণ বন্ধ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
রংপুর সফরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সার সংকট সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে জামায়াতের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সার সংকটের দায় দলটির ওপর চাপানোর চেষ্টা করছে। তবে প্রতিমন্ত্রী এর আগে কুড়িগ্রামে সার সংকট নিয়ে ভিন্ন বক্তব্য দিয়ে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের অধিকার ও ন্যায্য হিস্যার দাবি জানালেই বিরোধী দলকে দমনের চেষ্টা করা হচ্ছে। রংপুর বিভাগের উন্নয়নে ইনসাফপূর্ণ বরাদ্দ, অবকাঠামো উন্নয়ন, সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, স্বাস্থ্যসেবা ও রেল যোগাযোগের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে এটিএম আজহারুল ইসলামকে আহ্বায়ক এবং রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালকে সদস্যসচিব করা হয়েছে। সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চল থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর ১৫ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।