জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রংপুর এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ কর্মসূচির আয়োজন করে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
নিত্য বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক রোজী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।
আলোচনায় অংশ নেন দৈনিক সকালের বাণীর প্ল্যানিং এডিটর ফরহাদুজ্জামান ফারুক, ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী, শিক্ষক শুক্লা চ্যাটার্জী, শিক্ষার্থী মোহছিনা আক্তার, আজমাইন ইসলাম ও সাজিদ আহমেদ রাব্বি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্য দ্রুত ছড়ালেও অপতথ্য ও গুজবও একইভাবে ছড়াচ্ছে। তাই তথ্যের উৎস যাচাই, সরকারি তথ্য সময়মতো প্রকাশ এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।