ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই-বাছাই ও দায়িত্ব পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। সভার তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ।
আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।