মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সঞ্জীবন প্রকল্পের আওতায় চার উপজেলার সদস্য-সদস্যাদের নিয়ে ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ ও সমন্বয় কার্যক্রম’ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলাম।
কর্মসূচিতে মদন, খালিয়াজুড়ি, আটপাড়া ও কেন্দুয়া—এই চার উপজেলার সঞ্জীবন প্রকল্পের প্লাটুনভুক্ত সদস্য-সদস্যারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের গৃহীত এ সঞ্জীবন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায়ের সদস্য-সদস্যাদের জীবনমান উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ১০টি করে প্লাটুন গঠন করা হয়েছে, যেখানে ৩২০ জন সদস্য-সদস্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্ত যাচাই, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল হালনাগাদ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদস্যদের চাকরিনির্ভরশীলতা কমিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের এ প্রোফাইল আধুনিকায়ন কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে চার উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ সংশ্লিষ্ট প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডাররা উপস্থিত ছিলেন।