কানন জামান, উইনিপেগ, ম্যানিটোবা, কানাডা:
কানাডায় আজ ৩০ সেপ্টেম্বর পালিত হচ্ছে ন্যাশনাল ডে ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা অরেঞ্জ শার্ট ডে। দেশটির আবাসিক স্কুল ব্যবস্থার নির্মম ইতিহাস স্মরণে জাতীয়ভাবে স্বীকৃত এই দিনে কানাডাজুড়ে মানুষ কমলা রঙের পোশাক পরে আদিবাসী শিশুদের প্রতি সংহতি প্রকাশ করছে এবং “Every Child Matters” বার্তাটি পুনর্ব্যক্ত করছে।
ইতিহাস অনুযায়ী, আবাসিক স্কুলে হাজারো আদিবাসী শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক নির্যাতনের শিকার হয়েছিল। অনেকে আর কখনো ঘরে ফিরে আসেনি।
ফিলিস ওয়েবস্ট্যাডের কমলা শার্ট কেড়ে নেওয়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এই দিনটির সূচনা। পরবর্তীতে ২০২১ সালে বিল C-5 পাসের মাধ্যমে দিনটিকে ফেডারেল ছুটি হিসেবে ঘোষণা করা হয়।
ম্যানিটোবাসহ বিভিন্ন প্রদেশে আজ হিলিং ওয়াক, পাউওয়াউ, সেক্রেড ফায়ার, জাদুঘর প্রদর্শনী, সারভাইভারদের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনে আবাসিক স্কুলের ইতিহাস, ট্রমা ও পুনর্মিলনের পথ নিয়ে আলোচনা করা হচ্ছে।