মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানের তত্ত্বাবধানে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার এসআই হাসেম, এএসআই সামিউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে রামপুর বাজার এলাকা থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল হোসেনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও এলাকার আব্দুস সোভানের ছেলে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।