রংপুর প্রতিনিধি:
রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে উত্তেজনা, সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ও বাধার মুখে সম্মেলনটি পণ্ড হয়ে যায়। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুণ্ডুকে মারধর এবং সম্মেলনস্থলের ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) রংপুর নগরীর স্টেডিয়াম জিমনেশিয়ামে পরিষদের জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্মেলন চলাকালে স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, এই সম্মেলনের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ নিয়ে উপস্থিতদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুণ্ডুকে মারধর করেন এবং অনুষ্ঠানস্থলের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে সম্মেলন পণ্ড হয়ে যায়।
তবে এ অভিযোগ নাকচ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানে সব ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মুহা. মাহবুবুর রশীদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।