রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশে জমির গর্তে জমে থাকা পানিতে পড়ে হুমাইশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত হুমাইশা আক্তার নরসিংদী সদর উপজেলার মো. রকি মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হুমাইশার বাবা-মা ঢাকায় চাকরি করেন। জন্মের পর থেকেই হুমাইশা নানার বাড়ি কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় নানার আশ্রয়ে লালিত-পালিত হচ্ছিল।
সকালে হুমাইশার ছোট ফুফু তাকে ডেকে ঘরের ভেতর নিয়ে যান। এ সময় শিশুটি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরও মেয়েটির সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে জমির একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।