ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১৭ জন, গোমস্তাপুরে ৩ জন এবং শিবগঞ্জে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নাচোল ও ভোলাহাটে নতুন কোনো রোগী ভর্তি হননি। এ সময়ে জেলা হাসপাতালে একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গোমস্তাপুরে ২ জন ও নাচোলে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী। প্রতিষ্ঠানভিত্তিক হিসেবে জেলা হাসপাতালে ৫৪ জন, গোমস্তাপুরে ১৮ জন, ভোলাহাটে ৭ জন, শিবগঞ্জে ৫ জন এবং নাচোলে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির পাত্রসহ যেসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।”তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।