টাঙ্গাইল সংবাদদাতা:
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা সদরসহ ১২টি উপজেলায় সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১০ হাজার ৮৯টি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণসহ ৪ লাখ ৭ হাজার ৪৭০ জন অংশগ্রহণ করেন।
অভিযানের আওতায় ড্রেন-নালা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর হটস্পট নিরসন, গৃহস্থালি ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক সভা ও কমিউনিটি মিটিং আয়োজন করা হয়। বিশেষভাবে জেলার বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধ প্রশাসনের একক দায়িত্ব নয়; এটি সম্মিলিত সামাজিক উদ্যোগ। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।