হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
জনস্বার্থ সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) জেলার সদর ও বারহাট্টা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৩ আগস্ট দুপুর ১:০০ ঘটিকায় নেত্রকোণা সদর উপজেলার উকিলপাড়া এলাকায় একটি আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিন বেলা ১২:০০ টায় বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অবৈধভাবে বালু পরিবহনকালে অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বারহাট্টার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু পরিবহনের অপরাধে তিনি ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে আনুমানিক ৩,০০০ (তিন হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত এসব বালু চিরাম ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বামনগাঁও রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত ভরাটের কাজে ব্যবহারের নির্দেশনা প্রদান করেছেন বারহাট্টা ইউএনও।
জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়—আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে নেত্রকোণা জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।