শেরপুর প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুর পৌর শহরে প্রচারাভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শহরের বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ প্রচারাভিযান পরিচালনা করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এমকেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মামুনুর রশিদ পলাশ।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসন জানায়, গ্যাস সংকটের কারণে সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সময় থেকে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।
প্রচারাভিযানে প্রশাসনের কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এ উদ্যোগ সফল করতে ব্যবসায়ী, প্রতিষ্ঠান মালিক ও সাধারণ নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সবাইকে দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানানো হয়।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।