হারাধর সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরী। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। তিনি তাঁর বক্তব্যে ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “ন্যায়, সততা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানই একটি আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মূল ভিত্তি।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে সেবার মান উন্নত করা এবং কর্মক্ষেত্রে মানবিকতা, ন্যায়পরায়ণতা ও পেশাগত সততা বজায় রেখে জনগণকে আন্তরিক সেবা প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব জন কেনেডি জাম্বিল প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যতম অতিথি বক্তা নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের শিষ্টাচার, সততা ও পেশাগত নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সুখময় সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি প্রশাসনে দক্ষ, সেবামুখী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
অনুষ্ঠান শেষে কোর্স সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।