মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি (নেত্রকোণা)
নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে এ ঘটনায় রেলস্টেশনের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঘটনাটির ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরও একজন যুবকের উপস্থিতি দেখা যায়। ভিডিওটির স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেলস্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে। আগুন দেওয়ার পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানিয়েছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি জানান, প্রাথমিকভাবে প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তার মাধ্যমে পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় অবকাঠামোগত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম। তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়। পরে দুর্বৃত্তরা ঘটনার ভিডিও ধারণ করে পালিয়ে যায়। স্টেশনটি বর্তমানে বন্ধ থাকলেও এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, এর আগে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনায় রেলপথ ও রেলওয়ের স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।