লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তে বাংলাদেশি স্থানীয়দের সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে বিএসএফ পাল্টা বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় ভারতের ৬২ ব্যাটালিয়নের বাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে ক্ষেতে কর্মরত কৃষকদের মারধরের চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, উত্তেজনার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
খবর পেয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফের এ কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানান। বিজিবির তৎপরতায় বিএসএফ সদস্যরা পিছু হটে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে বুড়িমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।