বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই শীর্ষস্থানীয় নেতার মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাইম মোল্লা। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বটিয়াঘাটা উপজেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়,গত ১০ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিট এ,বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের নোয়াইলতলার বাজার সংলগ্ন এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় উভয়েই গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ভান্ডারকোট বাজারে নিয়ে যান, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ সময় মোঃ নাইম মোল্লার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।অপরদিকে, বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসেন। পাশাপাশি ভান্ডারকোট ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক জামায়াতের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আহত নেতৃবৃন্দের খোঁজখবর নিতে ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন।
এ সময় তারা আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং আশাবাদ ব্যক্ত করেন মোঃ নাইম মোল্লা ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস শিগগিরই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ও সাংগঠনিক কার্যক্রমে ফিরে আসবেন।দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আহত দুই নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।