হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। তাঁর সাম্য, মানবতা, সম্প্রীতি ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।