জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
আইনজীবী সমিতিতে “অ্যাসোসিয়েট সদস্য” পরিচয়ে একশ্রেণির আইনজীবীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী আইনজীবীরা।
বৈষম্যমূলক বিধান বাতিল, সব যোগ্য আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। রবিবার দুপুর ২টায় রংপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সদস্য পদের বিভাজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। অবিলম্বে এ বৈষম্য দূর করে সব যোগ্য আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
পাশাপাশি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা হালনাগাদের দাবি জানান তারা।
সমাবেশের আয়োজক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, আইনজীবী সমিতিতে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় সিনিয়র আইনজীবীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা।