লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে সিংগীমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী নামক স্থানে বিজিবির টহল দল অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় কোডেক্স সিরাপ ও ২টি ভারতীয় গরু আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটককৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য, কোডেক্স সিরাপসহ বিভিন্ন চোরাই পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। এতে এলাকার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বিজিবির এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে এ বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আটককৃত ভারতীয় কোডেক্স সিরাপ ও গরু সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।