স্টাফ রিপোটার, নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে একাধিক ভবন, শ্রেণিকক্ষ, শিক্ষক-কর্মচারী এবং সরকারি বিভিন্ন বরাদ্দে নির্মিত অবকাঠামো। তবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিয়ে রয়েছে হতাশাজনক চিত্র।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের খাতায়-কলমে শিক্ষার্থী রয়েছে ১৫৫ জন। অথচ প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হয় মাত্র ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে বর্তমানে ছয়জন শিক্ষক রয়েছেন।
আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিকরুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে না আসা এবং অভিভাবকদের অসচেতনতা বড় সমস্যা। এর পাশাপাশি বাল্যবিয়ে ও শিক্ষক সংকটের কারণেও শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এসব কারণে এবারের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম বলেন, আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের প্রতিবেদন পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।