জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
৬ বছর পেরিয়ে গেলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর – মাউশির ১০ম গ্রেডের ৪ ক্যাটাগরির ৬১০টি পদের চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়নি। দ্রুত ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে রোববার দুপুরে রংপুর আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের সামনে অবস্থান ও মানবন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২০ সালে মাউশির নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শক পদে ৫১৪টি, গবেষণা সহকারী পদে ২১টি, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে ৬৯টি এবং ল্যাবরেটরি সহকারী পদে ৬টিসহ মোট ৬১০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও ছয় বছরেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত ফলাফল। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
আন্দোলনকারীরা দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের পাশাপাশি নিয়োগসংক্রান্ত অবশিষ্ট প্রশাসনিক কার্যক্রম শেষ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।