মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাটিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবি অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাটিহার বাজার এলাকার আনসারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২৬০ পিস ইয়াবাসহ মোছা. লিলি আক্তার (৪২), মো. নয়ন আলী (২৮) ও মো. রওশন জামিল (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার মোছা. লিলি আক্তার মৃত মোহাম্মদ আনসারুল ইসলামের মেয়ে, মো. নয়ন আলী মো. আনসারুল ইসলামের ছেলে এবং মো. রওশন জামিল মো. আব্বাস ওরফে ডাবলুর ছেলে। পুলিশ জানিয়েছে, তাদের সবার বাড়ি রাণীশংকৈল উপজেলার রাজোর এলাকায়।
ডিবি পুলিশ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মামলার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।