মোহাম্মদ আব্বাস উদ্দিন:
চুনতী ২ সেপ্টেম্বর ২০২৬ যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ৯ম দিবস বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন খুটাখালী তমিজিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওমর হামযা। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে ইয়াতিম ও অসহায়দের অধিকার, আসহাবে সুফফার অবদান, ব্যবসায় নৈতিকতা এবং আল্লাহর গযবের কারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন- আলেম-ওলামায়ে কেরাম। বাদামতল ইয়াছিন খয়রাতি জামে মসজিদের খতিব মাওলানা নাজমুস সাকিব ‘ইয়াতিম ও অসহায়দের অধিকার রক্ষায় ইসলাম’ বিষয়ে বলেন, ইসলাম ইয়াতিম ও অসহায়দের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছে। তাদের অধিকার সংরক্ষণ, ভরণ-পোষণ ও মর্যাদা নিশ্চিত করা ব্যক্তি ও সমাজের নৈতিক দায়িত্ব। গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন ‘আসহাবে সুফফার পরিচয়, হাদীসের সংরক্ষণ ও প্রচারে তাঁদের অনন্য ভূমিকা’ বিষয়ে বলেন, আসহাবে সুফফা ছিলেন জ্ঞান ও ইবাদতে নিবেদিত সাহাবিদের একটি দল। হাদীস শিক্ষা, সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মে পৌঁছে দিতে তাঁদের অবদান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামেয়া আহমদিয়া সফিবাদ মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা সোলায়মান বিন কাসেম ‘ইসলামী মূল্যবোধের নিরিখে ভেজাল, মজুদদারি ও মূল্যবৃদ্ধি’ বিষয়ে বলেন, ব্যবসায় প্রতারণা, ভেজাল, কৃত্রিম সংকট সৃষ্টি ও অন্যায়ভাবে মূল্যবৃদ্ধি ইসলামী নীতির পরিপন্থী। ব্যবসায় সততা, আমানতদারি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। ঢাকার পশ্চিম পাগাড় আটারকল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কামাল হোছাইন ‘আল্লাহর গযব নাজিলের কারণ ও পূর্ববর্তী উম্মতগণের ওপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গযব’ বিষয়ে বলেন, অন্যায়, জুলুম, অবাধ্যতা ও নৈতিক বিপর্যয় মানুষের জন্য আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। পূর্ববর্তী জাতির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পাপ ও অন্যায় থেকে বিরত থাকতে হবে। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া জিরি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খোবাইব। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মোতোয়াল্লী কমিটির সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক,অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। শাহজাদা তৈয়বুল হক বেদার,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সাকিবুল ইসলাম ও হাসান মাহমুদ। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন ফরহান হাসিন সিনান ও সাকিবুল ইসলাম। খোতবায়ে ছদর, মিলাদ শরিফ ও মোনাজাত এর মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।