থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি-রেমাক্রী নৌপথের য়াংহ্রেসে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো— থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবিত্রী ত্রিপুরা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হেনা ত্রিপুরা। তারা দুজনই উপজেলার রেমাক্রী ইউনিয়নের কালু পাড়ার বাসিন্দা এবং যিহোবা যিরি ব্যাপ্টিস্ট মিশনের হোস্টেলে থেকে পড়াশোনা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি শেষে হোস্টেলে ফেরার পথে সাঙ্গু নদী দিয়ে নৌকায় থানচি আসার সময় য়াংহ্রেসে এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নৌকায় থাকা ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে হেনা ত্রিপুরা সুস্থ হলেও সাবিত্রী ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালু পাড়ার বাসিন্দা জয়বা ত্রিপুরা জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ নিয়ে রোগীর স্বজন ও নৌকার মালিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
যিহোবা যিরি ব্যাপ্টিস্ট মিশনের হোস্টেল সুপার দুসাজন ত্রিপুরা জানান, আহত দুই শিক্ষার্থীই তাদের মিশন হোস্টেলের আবাসিক ছাত্রী। তাদের মধ্যে সাবিত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রথমে সংযোগ পাওয়া যায়নি। পরে তিনি বলেন, বর্তমানে আমি পরিবারের ডেলিভারিজনিত কারণে হাসপাতালে অবস্থান করছি। আহত শিক্ষার্থীর খোঁজখবর রাখছি। স্থানীয় জনপ্রতিনিধি, ইঞ্জিন নৌকার মালিক সমিতি ও গাইড সমিতির নেতাদের যথাসাধ্য সহযোগিতা করতে বলেছি। আমরাও সহযোগিতা করব। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।