ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সুন্দাদিল রহমানিয়া দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীম দাখিল পরীক্ষায় এ প্লাস (A+) অর্জন করায় তার হাতে বৃত্তি তুলে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেন রাজু।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ উদ্যোগে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। নুসরাতের হাতে বৃত্তি তুলে দেওয়ার সময় অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সমাজসেবক মোয়াজ্জেম হোসেন রাজুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলকে স্বীকৃতি দেওয়া শুধু ওই শিক্ষার্থীকে উৎসাহিত করে না, বরং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত করে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আরও দৃশ্যমান হবে।
মাদ্রাসার সুপার পীরে কামেল হযরত মাওলানা আলাউদ্দিন দস্তগীর সাহেব বলেন, নুসরাত জাহান মীমের এ প্লাস অর্জন মাদ্রাসার জন্য আনন্দ ও গর্বের বিষয়। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। মেধাবীদের উৎসাহিত করতে মোয়াজ্জেম হোসেন রাজু যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
মাওলানা মাহবুবুর রহমান ভূইয়া বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হলে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যেতে পারে। নুসরাতের সাফল্যকে সম্মান জানিয়ে বৃত্তি প্রদানের উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সাজু মেম্বার, শিক্ষক মো: বিল্লাল হোসেন,শিক্ষক মো: মুরাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা লোকমান হোসাইন।
শিক্ষার্থীদের সাফল্যে পাশে দাঁড়িয়ে বৃত্তি প্রদান ও উৎসাহিত করার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। উপস্থিতদের প্রত্যাশা, ভবিষ্যতেও মোয়াজ্জেম হোসেন রাজুর মতো সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার প্রসারে ভূমিকা রাখবেন।