কবিঃ পূজা নস্কর
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
হিসাব মেলানোর এই বাজারে
সাহিত্যের নামাবলি গায়ে জড়িয়ে চলছে মিথ্যার বেচাকেনা।
ডিজিটাল লাইকের মায়াবী আলোয়
ঢাকা পড়ে গেছে বিবেকের শেষ প্রদীপ।
রবীন্দ্র-নজরুল এখন দেওয়ালের পসরা,
মুখস্থ বুলি আর কথার ফুলঝুরিতে-
আড়াল করা হয় ভেতরকার মহাশূন্যতা।
কারুকার্য খচিত মিমের পর্দার আড়ালে
প্রতিদিন নিখুঁতভাবে বিকিয়ে যায় মনুষ্যত্ব,
বিনিময়ে কুড়িয়ে নেয় সস্তা কিছু বাহবা।
সম্পাদক সেজে যারা মঞ্চ কাঁপায় ক্ষমতার দম্ভে,
তাদের চোখের কোণে ঝিলিক মারে লোভের উপহাস।
টাকার অঙ্কে মাপা হয় লিটিল ম্যাগাজিনের পৃষ্ঠা,
যেখানে আদর্শ আজ ভয়ে সিঁটিয়ে থাকা এক বোবা পাখি।
মায়ের মুখের সেই মধুর ভাষা,
আজ সস্তা পণ্যের পসরা সেজে বসেছে হাটে।
কবি লিখে চলেছে অন্তমিল অহংকারী গান,
আত্মপ্রচারের গোলকধাঁধায় নিজেকেই নিজে হারিয়ে ফেলার উল্লাসে।