কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
পুরুষ মানুষের হাসি, সহজ কথা নয়,
কত-শত বাঁধা সে প্রতিদিনই সয়।
হাসির আড়ালে লুকিয়ে থাকে কত পরাজয়,
পরের তরে হয়ে যায় সে তিলে তিলে ক্ষয় ।
পুরুষ মানুষের দুচোখ জুড়ে ভাঙা স্বপ্ন রয়,
তবুও মুখের হাসি বলে-হয়েছে আমার জয়।
সবার তরে শক্ত থাকে, কাঁধে ভারী দায়,
রাতের বেলা একা বসে নীরবে অশ্রু ঝরায়।
পুরুষের হাসি মুখোশ যেন, লুকিয়ে রাখে ব্যথা,
ভেতরে ঝড় উঠলেও বাইরে থাকে নীরবতা।
হেরে গিয়েও জয়ের গল্প শোনায় অবিরাম,
পরিবারের বোঝা বয়ে যেন ঝরে রক্ত ঘাম।
সমাজ বলে-“পুরুষ কাঁদে না”, এমন কঠিন বাণী,
গোপন কান্নার আহাজারি কেমন তাও আমি জানি।
হাসির ভেতর ভাঙা পৃথিবী, ক্ষত-বিক্ষত হৃদয়,
পুরুষ মানুষের হাসি- হার মানে না পরাজয়।
পুরুষ নিজের জন্য নয়, বাঁচে পরিবারের স্বপ্ন বাঁচাতে,
নিজের হাসি হারিয়ে ফেলে, অন্যের মুখে হাসি ফোটাতে।
ঘর বাঁধে সে ঘামের স্রোতে, ভালোবাসা মিশে যায় দায়ে,
নিজে ভেঙে অন্যকে গড়ে, তবু স্বপ্ন জেগে রয় প্রাণে।
নারী তুমি জীবনের আলো, মমতায় গড়া পৃথিবীর ভালো,
জন্ম দিয়ে ভালোবাসার গল্পে, দূর করো অন্ধকার কালো।
যেখানে পুরুষ তিল তিল করে গড়ে সুখের সংসার ঘর,
দু’জনের ত্যাগে পূর্ণতা পায়, জীবন হয় সুন্দর।