হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নেত্রকোণার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ, চোরাচালান ও সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারীর নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং ও সাধারণ মানুষের জানমালের জন্য হুমকি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি, মানসিক সংকটে আত্মহত্যার পথ বেছে না নিয়ে জীবনকে ভালোবাসতে এবং প্রয়োজনে অন্যের সহযোগিতা নিতে হবে।
পুলিশ সুপার বলেন, অপরাধী যে-ই হোক, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের পক্ষ থেকে নেত্রকোণা জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।