মোঃ আল আমিন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোবিন্দপুর হাওড়ে আকস্মিক শিলা বৃষ্টিতে লক্ষ লক্ষ মণ পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, যা মুহূর্তেই কৃষকদের স্বপ্ন ভেঙে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিলা বৃষ্টির তীব্রতায় মাঠের প্রায় সব ধান নষ্ট হয়ে গেছে। এতে করে কৃষকদের একমাত্র আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে গোবিন্দপুর নতুন হাটি, গোবিন্দপুর গোল হাঠি, গোবিন্দপুর বাজার হাটি, কোলাহানি, চকেশ্বর, বালিবন্দ, আতপাশা, চারিগ্রাম ও মামুদপুর।
গোবিন্দপুর গ্রামের স্থানীয় কৃষক মোল্লা আল মামুন জানান, “আমাদের বছরে একটাই ফসল হয়। এই ধানের ওপরই আমাদের সংসার চলে, খাবার নিশ্চিত হয়। শিলা বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। এখন আমরা কীভাবে চলব বুঝতে পারছি না।”
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এখন তারা আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ না পেলে কৃষকদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।