ব্যুরো প্রধান খুলনা বিভাগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসন (দাকোপ–বটিয়াঘাটা) থেকে সম্মিলিত জাতীয় জোট মনোনীত ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক এর প্রার্থী সুনীল শুভ রায় বটিয়াঘাটার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনীল শুভ রায় সাংবাদিকদের মাধ্যমে খুলনা-১ আসনের ভোটারদের উদ্দেশে তার রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন।তিনি বলেন, “আমি বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলাম।তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ২০১৭ সালে সম্মিলিত জাতীয় জোট গঠিত হয়। বর্তমানে তিনি ওই জোটের মনোনীত ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটাররা তাকে মোমবাতি প্রতীকে বিজয়ী করবেন।বিজয়ী হলে তিনি খুলনা-১ আসনের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি,স্বাস্থ্যসেবার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা প্রদান এবং মাদকমুক্ত সমাজ গঠন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের শরিক দল বাংলাদেশ হিন্দুলীগ বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক প্রীতিশ কান্তি মণ্ডল, সাবেক জাতীয় পার্টির উপজেলা সভাপতি মতওয়ালী শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এলাহী, সাবেক ছাত্রনেতা মানস সরকার, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারসহ সাংবাদিক এস.এম.এ ভূঁইয়া, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান দুলু গোলদার, হিরমন মণ্ডল সাগর, মো. শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, তুরান হোসেন রানা, পরাগ রায়, রিপন রায় ও সুদীপ্ত বিশ্বাস শুভ প্রমুখ।