ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) রুবেল দাস, কনস্টেবল বাসুদেব ভট্টাচার্য (৭৬৫), হৃদয় চক্রবর্তী (৯১৭) এবং নারী কনস্টেবল রিমা আক্তার (৫০১)।
পুলিশ জানায়, অভিযানের সময় সাহাপুর গ্রাম থেকে সিপ্রা রানী দাস (৪৮) নামে এক নারীকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিপ্রা রানী দাস সাহাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম নির্মল চন্দ্র দাস এবং পিতার নাম শশাংক চন্দ্র দাস।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা নং–১২ (১)/২৬ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ সদর আদালত, সিলেটে প্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।