মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঘরের ছেলে আসছেন—তাই পুরো ঠাকুরগাঁও যেন অপেক্ষার প্রহর গুনছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সরকারি সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলা শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সৌন্দর্যবর্ধন, রঙের কাজ, দৃষ্টিনন্দন মঞ্চ নির্মাণ ও কঠোর নিরাপত্তা—সব মিলিয়ে ঠাকুরগাঁওয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির। তাঁকে বরণ করে নিতে প্রস্তুত প্রশাসন, নাগরিক সংবর্ধনা কমিটি ও সর্বস্তরের মানুষ।
সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারে ঠাকুরগাঁও পৌঁছানোর পর জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি শহরের সেনুয়া গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে কিছু সময় কাটানোর পাশাপাশি স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দিনের সবচেয়ে বড় আয়োজন বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সংবর্ধনা। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সেখানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ। সংবর্ধনাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খায়রুল কবির জানিয়েছেন, দলমত নির্বিশেষে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে। তাঁর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সাবেক ফুটবলার রনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথমবার ঠাকুরগাঁও সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। ঘরের ছেলেকে স্বাগত জানাতে জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
শহরজুড়ে সাজসজ্জা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
রাষ্ট্রপতির সফরের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে শুরু হয় ব্যাপক প্রস্তুতি। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবর্ধনাস্থল ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর
রাষ্ট্রপতির দুই দিনের সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) থাকছে আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি। ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে জেলার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। রাষ্ট্রপতির সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়ন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমন ঘিরে এখন একটাই প্রতীক্ষা—কখন আসবেন ঠাকুরগাঁওয়ের সেই ‘ঘরের ছেলে’? সাজসজ্জায় বদলে যাওয়া শহর, প্রস্তুত সংবর্ধনাস্থল, জোরদার নিরাপত্তা আর মানুষের অপেক্ষা—সব মিলিয়ে রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত এখন পুরো ঠাকুরগাঁও।