ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের আয়োজনে জেলা শহরের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর ট্রাফিক শাখার টিআই-২ মো. আজিজ ফেরদৌসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, যত্রতত্র রাস্তা পারাপার না হওয়া এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেমিনারে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। এ সময় সড়ক দুর্ঘটনামুক্ত ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।