ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারকিপুর গ্রামে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। স্থানীয়দের সাহসী ভূমিকা ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপরাধ থেকে রক্ষা পেয়েছেন এক নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বারকিপুর গ্রামে এক নারী পথচারীকে লক্ষ্য করে তিনজন ছিনতাইকারী হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে এবং তাৎক্ষণিকভাবে তাদের আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত তিনজন ছিনতাইকারীকে নিজেদের হেফাজতে নেয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশনা ও নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল হক অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, পুলিশের তৎপরতা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমন সম্ভব হচ্ছে। তারা ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।