আল আমিন হাসান রাব্বি, জগন্নাথপুর:
আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ৬ নং ওয়ার্ডে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি নাম—মোঃ গিয়াস উদ্দিন মুন্না। তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই প্রার্থী পুনরায় কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে এলাকায় জোর প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গিয়াস উদ্দিন মুন্না ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি ভোটারদের কাছে বর্তমান সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন মুন্না সাবেক দুই বারের সফল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে এই নির্বাচনে একটি শক্ত অবস্থানে রেখেছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, গিয়াস উদ্দিন মুন্না একজন মিশুক, বিনয়ী এবং নিরহংকার ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। করোনাকালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় যুবসমাজ ও প্রবীণদের মতে, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং সামাজিক শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
গিয়াস উদ্দিন মুন্না বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ৬ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নই আমার লক্ষ্য।”
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় তার সমর্থনে পোস্টার ও ব্যানার ছড়িয়ে পড়েছে। প্রতিদিন তিনি মুরব্বিদের দোয়া নিচ্ছেন এবং তরুণদের নিয়ে ওয়ার্ডের ছোট-বড় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিচ্ছেন।
সব মিলিয়ে, জগন্নাথপুর পৌরসভার এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডে এবার জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। তবে গিয়াস উদ্দিন মুন্নার প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাকে নির্বাচনী দৌড়ে এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।