মোঃ ফারদিন হাসান উজ্জ্বল, বিশেষ প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশ আগমন উপলক্ষে ফরিদপুর-৪ আসনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের নির্দেশনায় ভাঙ্গা উপজেলায় মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদল নেতা আলামিনের নেতৃত্বে এ মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সাধারণ জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও এই আনন্দ ভাগাভাগি করে নেন।
যুবদল নেতা আলামিন বলেন, “দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। এই আনন্দ ভাগ করে নিতেই আমরা মিষ্টি বিতরণ করেছি।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন প্রেরণা জোগাবে। আগামী দিনে শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে ফরিদপুর-৪ আসনে বিএনপি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিষ্টি বিতরণ কর্মসূচিতে যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।