কলমেঃ রকি আক্তার
তাহার সাথে প্রথম রমজান,
নতুন চাঁদের আলোয় লেখা এক নীরব অঙ্গীকার।
সন্ধ্যার আকাশে আজানের সুর ভেসে এলে
মনে হয়, হৃদয়ের ভেতরও ইফতারের প্রদীপ জ্বলে ওঠে।
সে আমার আত্মার ধন,
আমার জীবনের সেরা প্রাপ্তি
যার পাশে দাঁড়িয়ে সেজদায় ঝুঁকলে
দুনিয়ার সব ক্লান্তি নরম হয়ে যায়।
রমজানের রোজা যেমন দেহকে শুদ্ধ করে,
তেমনি আমাদের সম্পর্কও হোক পরিশুদ্ধ,
ভুলের ধুলা ঝরে যাক ক্ষমার অশ্রুতে,
অহংকার গলে যাক দয়ার স্পর্শে।
হে পরম করুণাময়,
তার জীবন আর আমার জীবন
একই দোয়ার ছায়ায় আবদ্ধ থাকুক।
সামনের পথ হোক সাফল্য ও বরকতে ভরা,
সংসার হোক আমানত, ইবাদত আর ভালোবাসার ঠিকানা।
যদি আবারও জন্মের কোনো প্রান্তে দাঁড়াই,
তবু যেন সে ই হয় আমার সঙ্গী,
আমার দোয়ার প্রথম নাম,
আমার সেজদার নীরব শান্তি।
এই প্রথম রমজানে
আমি তাকে ভালোবাসি আরও গভীরভাবে
ইবাদতের মতো পবিত্র,
আল্লাহর সন্তুষ্টির আশায় নিবেদিত।