থানচি (বান্দরবান) প্রতিনিধি:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যে বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, “পাহাড়ি জনপদে ভৌগোলিক কারণেই দুর্যোগের ঝুঁকি অন্যান্য অঞ্চলের চেয়ে ভিন্ন। পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে সচেতনতার শুরুটা নিজের ঘর থেকেই করতে হবে। দুর্যোগকালীন দ্রুত তথ্য আদান-প্রদান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পাহাড়ের মানুষকে সুরক্ষিত রাখতে পারে।”
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।