থানচি (বান্দরবান) প্রতিনিধি:
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (১৪ অক্টোবর) থেকে বান্দরবান-থানচি পর্যটন নির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যাত্রীবাহী বাস মালিক সমিতি, স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে সার্বিক নিরাপত্তা বিধানের আশ্বাস দেওয়া হলে পরিবহন শ্রমিকরা বাস চালাতে সম্মত হন।
বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, একটি সশস্ত্র গ্রুপ বিপুল অংকের চাঁদা পরিশোধের আগে বাস না চালাতে নির্দেশ দেয়। তাদের হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
বান্দরবান-থানচি-রুমা, রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, “প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনায় ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছি।”
তিনি জানান, গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি ও কর্মচারীদের বৈঠক হয়। বৈঠকে ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, আগে বান্দরবান প্রান্ত থেকে ৩টি এবং থানচি প্রান্ত থেকে ৩টি বাস চলাচল করত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আজ থেকে উভয় প্রান্ত থেকে ২টি করে মোট ৪টি বাস চলাচল করবে।
সড়কের নিয়মিত বাস চালক জাহাঙ্গির আলম বলেন, জীবনের ঝুঁকি নিয়েই তারা বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন।