নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
নরসিংদী জেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে ১ মামলার তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মনোহরদী ও রায়পুরা থানা এলাকায় জেলা পুলিশের একাধিক দল এই অভিযান পরিচালনা করে।
ঘটনা-১: ১১ মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাখাওয়াত হোসেন, ৩৫, ওরফে ‘মিলিটারী পুত সাখাওয়াত’-কে গ্রেফতার করেছে। সাখাওয়াত রায়পুরা উপজেলার ওই গ্রামের সিরাজ মিয়া ওরফে ‘মিলিটারী সিরাজের’ ছেলে।
পুলিশ জানায়, সাখাওয়াতের বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় মোট ১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের কারবার চালিয়ে আসছিল।
ঘটনা-২: মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড
মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব চন্দ্র দে, ৩৫, নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় উপস্থিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনা-৩: ৭০ পিস ইয়াবাসহ ২ জন আটক
মনোহরদী থানার একটি দল একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি উত্তরপাড়া গ্রামের আল মামুন খন্দকারের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আল মামুন খন্দকার, ৪৪, ও কাউছার মিয়া, ৩৫, কে আটক করেন। এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ঘটনা-৪: ২০ পিস ইয়াবাসহ ২ তরুণ গ্রেফতার
রায়পুরা থানার এসআই মোঃ মোস্তফা কামাল খান সংগীয় ফোর্সসহ অবৈধ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে চরসুবুদ্ধি দক্ষিণপাড়া এলাকার শ্যামল নামে এক ব্যক্তির বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে মো. নিশাত মিয়া, ১৯, ও মো. হাবিব মিয়া, ২১, নামে দুই তরুণকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।