হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনায় মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক সেমিনার, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার হেনা ইসলাম কলেজ মিলনায়তনে রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন বলেন, “মাদক ও ইভটিজিং একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শুধু আইন দিয়ে নয়, পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই পারে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে নেতৃত্ব দিতে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হেনরী আমিন পপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. রেজওয়ান উল ইসলাম রাকিব, মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রৌউফ সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক, নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক সুব্রত কুমার কর।
সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা, ইভটিজিংয়ের আইনি শাস্তি ও সামাজিক ক্ষতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।
আলোচনা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন কৃতী শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং তাদের মধ্যে নগদ মেধাবৃত্তি প্রদান করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক সাইদুর রহমান খাঁন, আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাতেন, আসমা আক্তার সেতু, নূর-এ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।