শেরপুর প্রতিনিধি:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের আয়োজনে প্রথমে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুরের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ্ নাসরিন আক্তার। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক জনাব কামরুজ্জামান খান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল, আব্দুল বাতেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত নাগরিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, তাঁদের নিরাপদ ও সুস্থ জীবনযাপনের পরিবেশ সৃষ্টি এবং সমাজের মূলধারায় প্রবীণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।