বিশ্বনাথ প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সিলেট কেন্দ্রীয় সমবায় লিমিটেডের পরিচালক হাসান মাহমুদ রিপন ও পুরানগাঁও অপরাজিতা যুব মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে হোসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “যুবরাই দেশের প্রাণশক্তি। দক্ষ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদলের আহবায়ক নুর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেবুল হোসেন, সফল আত্মকর্মী ও যুব সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, মহিলা সংগঠক হাসিনা বেগম, বিলকিস বেগমসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সফল আত্মকর্মী কারী মোঃ রুহুল আমিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার সুজিত কুমার।