আমিনুল হক মহেশখালী:
মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে কক্সবাজার -০২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসনে তৃতীয় বারের মতো নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে ১৪ মার্চ (শনিবার) বিকালে চট্টগ্রাম বহদ্দারহাট আর.বি কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ।
পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, ফ্রিল্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কক্সবাজারস্থ গ্র্যান্ড বীচ রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর সরওয়ার কামাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাশেম, চট্টগ্রাম আদালতের অতিরিক্ত জেলা জজ আলী আক্কাস, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ছিদ্দিক, চট্টগ্রাম মহসিন কলেজের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ইফতেখার হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আওলাদ হোসেন সাগর, সাবেক মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধনা ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রহমত উল্লাহ ইমন।
সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ বলেন, মহেশখালীর শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। সঠিক পরামর্শ দিন ইনশাল্লাহ মহেশখালীকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করা হবে।
সভাপতির বক্তব্যে সরওয়ার কামাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়ার মানুষ একজন যোগ্য ব্যক্তি হিসেবে জননেতা আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। মহেশখালী-কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হবে। শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়ার জন্য তিনি সাংসদকে অনুরোধ জানান। সরওয়ার কামাল আরো বলেন, মহেশখালী উপজেলার সাড়ে ৫ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী মহেশখালী-কক্সবাজার নৌপারাপারে মহেশখালী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হউক।
পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে সাংসদ আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি সরওয়ার কামাল ও অন্যান্যরা।