মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিজিবির পার্বতীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেসুর রহমান, জগদ্দল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন্দ্রনাথ ও আবুল কালাম, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রধান শিক্ষক রুহুল আমিন, মডেল মসজিদের পেশ ইমাম মাহাবুব আলম এবং উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত রাশেদা আক্তারসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য অন্যায়, বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দেয়। তাঁর সাহিত্য ও দর্শন বাঙালি জাতির মধ্যে মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনা জাগ্রত করেছে।
বক্তব্যে ওসি আমানুল্লাহ আল বারী বলেন, নজরুলের আদর্শ ধারণ করলেই একটি মানবিক সমাজ গড়ে উঠবে। তাঁর মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তাঁর সাম্য ও মানবতার শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, দেশপ্রেম, সাম্য ও মানবিক মূল্যবোধ বর্তমান সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক। বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গঠনে নজরুলের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।