ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ ও বিক্রির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন স্থানীয় উদ্যোক্তা হাফেজ মাওলানা মো. শাহরিয়ার হোসেন আবু সাঈদ। মৌসুমভেদে সরিষা, লিচু, বরই, তিলসহ বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা মধু স্থানীয় বাজারের পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
সিংড়ার বিলদহর বাসস্ট্যান্ড এলাকায় মদিনাতুল উলুম বালিকা কওমি মাদরাসার পাশে পরিচালিত হচ্ছে তার মধু বিক্রির কার্যক্রম। মধুর পাশাপাশি সেখানে ঘি, সরিষার তেল, জয়তুন তেল ও কালোজিরার তেলসহ বিভিন্ন ধরনের পণ্যও বিক্রি করা হচ্ছে।
উদ্যোক্তা সূত্রে জানা যায়, মৌসুমের শুরুতে সরিষা ফুলের বিস্তীর্ণ ক্ষেত থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা হয়। এরপর মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে লিচু, বরই, তিলসহ বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। ফলে ফুলের ধরন ও মৌসুম অনুযায়ী মধুর স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্যেও ভিন্নতা দেখা যায়।
এছাড়া বিভিন্ন বাড়িঘর ও গাছের ডালে থাকা প্রাকৃতিক মৌমাছির চাক থেকেও মধু সংগ্রহ করেন উদ্যোক্তা শাহরিয়ার হোসেন আবু সাঈদ।
তিনি বলেন, “বিভিন্ন বাড়িঘর ও গাছের ডালে থাকা প্রাকৃতিক মৌমাছির চাক থেকেও আমি নিজে মধু সংগ্রহ করি। মৌসুমভেদে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধু পাঠানো হচ্ছে। খাঁটি ও মানসম্মত মধু ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মধুর চাহিদা দিন দিন বাড়ছে। সঠিকভাবে মৌচাষ ও মধু সংগ্রহের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে স্থানীয়ভাবে উৎপাদিত মধু পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
স্থানীয় ক্রেতারা জানান, ভেজালমুক্ত ও মানসম্মত মধু পাওয়ার নিশ্চয়তা থাকলে এ ধরনের উদ্যোগ আরও জনপ্রিয় হবে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
স্থানীয় উদ্যোক্তার এই উদ্যোগ শুধু মধু বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়; মৌসুমি ফুল, মৌমাছি ও স্থানীয় উৎপাদনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনাও তৈরি করছে।
যোগাযোগ: ০১৭১২১১০৮৭৭