• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি বটিয়াঘাটায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং সিংগাইরে পেঁপের কেজি ৩ টাকা, বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী বিলদহর হাট ও বাজারে যাতায়াতের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ। দ্রুত সড়কগুলো সংস্কার ও পাকাকরণ করা না হলে ঐতিহ্যবাহী এ হাটের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্ব ধীরে ধীরে কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিলদহর হাটে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এ হাটে কেনাবেচা করতে আসেন। এ ছাড়া আত্রাই নদীর ওপর নির্মিত সেতু ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। ফলে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের যাতায়াতের ক্ষেত্রে হাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে হাটে প্রবেশের প্রধান সড়কগুলোর বেহাল দশা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে ব্যবসায়ীদের পরিবহন ব্যয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল সরদার বলেন, “বিলদহর হাটে আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন আসেন। কিন্তু হাটে প্রবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে।”

তিনি আরও বলেন, “উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেরাবাড়ি গ্রাম থেকে বিলদহর হাটে আসার রাস্তাটি দ্রুত পাকাকরণ করা প্রয়োজন। পাশাপাশি আনন্দনগর-কৃষ্ণনগর এলাকার ওপর একটি সেতু নির্মাণেরও প্রয়োজন রয়েছে। বর্ষাকালে যোগাযোগব্যবস্থা আরও দুর্ভোগপূর্ণ হয়ে পড়ে।”

স্থানীয়দের দাবি, আয়নার মায়ের ডহর থেকে বিলদহর বাজারমুখী প্রায় এক কিলোমিটার সড়ক দ্রুত পাকাকরণ করা জরুরি। এ ছাড়া চাঁচকৈড় থেকে বিলদহর বাজারে আসার প্রায় সাত কিলোমিটার প্রধান সড়ক এবং নাটোরের দিক থেকে হাজীর মোড় হয়ে বিলদহরমুখী প্রায় ছয় কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এসব সড়ক সংস্কার ও পাকাকরণ করা হলে হাটে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে হাটে পণ্য আনা-নেওয়া করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। একই সঙ্গে ক্রেতাদের যাতায়াতে ভোগান্তি বাড়ছে। এ পরিস্থিতিতে অনেক ক্রেতা হাটে আসতে নিরুৎসাহিত হতে পারেন, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। অনেক ব্যবসায়ী বেকার হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।”

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বিলদহর হাটের ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব ধরে রাখতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও পাকাকরণের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হলে আশপাশের ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে পণ্য পরিবহন, ক্রেতা সমাগম ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সুযোগ সৃষ্টি হবে।

এ অবস্থায় ঐতিহ্যবাহী বিলদহর হাট ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় সড়ক সংস্কার, পাকাকরণ এবং সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ উদ্যোগ নেওয়া হলে বিলদহর হাটের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd